ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক মোটরসাইকেল শোভাযাত্রা সহযোগে তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণ্ডপ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরিদর্শনকালে কামরুল ইসলাম দাউদ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি পূজা উদযাপনে সহায়তা হিসেবে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন।






