ফরিদপুরের আলফাডাঙ্গায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবের এই আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার বিভিন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য, ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সেইসাথে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও পূজা আয়োজনের খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি উৎসব উদযাপনে সহায়তা হিসেবে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন নিজ তহবিল থেকে প্রতিটি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, “আলফাডাঙ্গা চিরকালই সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য ভূখণ্ড। সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাকে ধারণ করেই আমরা যুগে যুগে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এই উৎসবের আনন্দ যেন সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আমরা সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অ্যাডভোকেট হেমায়েত হোসেনের এই আগমন ও আর্থিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁর এমন সামাজিক ও সম্প্রীতিমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।








