সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের তিনটি স্থলবন্দর শুল্কস্টেশনের আমদানি কার্যক্রম দীর্ঘদিন ধরে নানা সংকটে ব্যাহত হচ্ছে। নদী ও রঙ্গাছড়া খাল খননের অভাব এবং অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন আমদানিকারক ব্যবসায়ী ও শ্রমিকরা। বছরের পর বছর বিভিন্ন সরকারের অবহেলা ও উন্নয়নবঞ্চনার কারণে সম্ভাবনাময় এ বাণিজ্যিক অঞ্চলটি এখন স্থবির হয়ে পড়েছে।
আমদানিকারকরা ভারত থেকে এলসির মাধ্যমে চুনাপাথর ও কয়লা আমদানি করলেও নৌপথের গুরুত্বপূর্ণ রঙ্গাছড়া খাল ও এর সঙ্গে সংযুক্ত নদীগুলোর নাব্যতা সংকটের কারণে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার শ্রমিক।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ১৯৯১ সালে বড়ছড়া, ১৯৯৬ সালে চারাগাঁও এবং ২০০৬ সালে বাগলী শুল্কস্টেশন চালু হয়। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের সন্নিকটে অবস্থিত এই তিনটি শুল্কস্টেশন দিয়ে বর্তমানে কয়লা ও চুনাপাথর আমদানি করা হয়।
সীমান্তের ছড়া দিয়ে নেমে আসা পানি রঙ্গাছড়া খাল হয়ে প্রবাহিত হয়। এই নৌপথই শুল্কস্টেশনগুলোর পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু রঙ্গাছড়া খালের প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকায় তীব্র নাব্যতা সংকট দেখা দেওয়ায় নৌযান চলাচল ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অন্যদিকে বাগলী শুল্কস্টেশন থেকে মধ্যনগর উপজেলার মহিষখলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার সড়ক এখনো কাঁচা রয়েছে। দীর্ঘদিনেও সড়কটি পাকাকরণ না হওয়ায় নৌপথের পাশাপাশি স্থলপথেও দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
সড়ক ও নৌপথের এই সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চুনাপাথর ও কয়লা পরিবহনে ব্যবসায়ীদের স্বাভাবিকের তুলনায় প্রায় চার গুণ পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। অথচ এই তিনটি শুল্কস্টেশন থেকে প্রতিবছর সরকার প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি মো. কামাল হোসেন বলেন, দ্রুত মহিষখলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক পাকা করা হলে সুনামগঞ্জের সড়ক যোগাযোগের পাশাপাশি নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সহজ হবে। এতে ঢাকা পর্যন্ত পণ্য পরিবহনও অনেক সহজ ও সাশ্রয়ী হবে।
তিনি আরও বলেন, শুল্কস্টেশনগুলো নিয়মিত ও পূর্ণ সক্ষমতায় চালু থাকলে অন্তত ৬০ থেকে ৬৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় বর্তমানে হাজার হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় একাধিক ব্যবসায়ী ও শ্রমিক জানান, আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত রঙ্গাছড়া খাল খনন ও পাটলাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননকাজ জরুরি। অন্যথায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও সংকটের মুখে পড়বে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হক বলেন, নদীপথের নাব্যতা সংকট দূর করা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা না হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, “শ্রীপুর উত্তর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলসি স্টেশন-সংলগ্ন রঙ্গাছড়া খাল আমি নিজে সরেজমিনে পরিদর্শন করেছি। খালটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত রঙ্গাছড়া খাল ও পাটলাই নদী খনন এবং বাগলী-মহিষখলা সড়ক পাকাকরণের কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের আমদানি-বাণিজ্য ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান হুমকির মুখেই থেকে যাবে।







