শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং প্রাণিজ আমিষ গ্রহণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার (সিদ্ধ ডিম) বিতরণ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের শারীরিক গঠন ও মেধা বিকাশে প্রাণিজ আমিষের অপরিহার্যতা তুলে ধরেন। তাঁরা বলেন, বাড়ন্ত বয়সে শিশুদের জন্য ডিম ও দুধ অত্যন্ত সহজলভ্য এবং আদর্শ পুষ্টিকর খাবার। নিয়মিত এসব খাবার গ্রহণের মাধ্যমে শিশুরা অপুষ্টি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি তাদের মস্তিষ্কের সুষ্ঠু বিকাশ ঘটে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক চন্দ্র সাহা এবং জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মিয়া। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।







