যশোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলনা আবু জাফর সিদ্দিকী বলেছেন- সরকার জনগণের প্রত্যাশা পূরণে সঠিক পথে না গিয়ে উল্টো পথে হাঁটছে। জনগণের দাবি বাস্তবায়ন না হলে তারা রাজপথে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড়ে লংমার্চ সফল করার লক্ষ্যে শহর জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন-গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে ভিন্ন পথে হাঁটছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, সরকারকে জনগণ সুযোগ দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণ রাজপথে নেমে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের সিদ্ধান্ত নিক, তা তারা চান না বলেও উল্লেখ করেন তিনি।
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে রাজপথে নামতে হবে। যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও ইমরান হুসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, ভিপি আব্দুল কাদের, পেশাজীবী থানা শাখার আমির খন্দকার রাশিদুজ্জামান রতন, সদর আমির আশরাফ আলী, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখণ।
সমাবেশ শেষে ঈদগাহ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের মনিহারে গিয়ে শেষ হয়।







