ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনাসহ উপকূলীয় অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) রাতভর বৃষ্টি হয়েছে। পাশাপাশি, বইছে দমকা হাওয়া। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই কালো মেঘে ঢেকে ছিল আকাশ। এদিন সকালে কলকাতায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কলকাতার শেঠ সুখলাল কর্ণানি মেমোরিয়াল হাসপাতালের সামনেও পানি জমে থাকার খবর পাওয়া গেছে।
কলকাতার তুলনায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় বৃষ্টির দাপট বেশি। সেখানে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। নিরাপত্তার কথা বিবেচনা করে গঙ্গাসাগর, বকখালি, দীঘা ও মন্দারমণিসহ বিভিন্ন পর্যটন এলাকায় সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।







