দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে খুলনার ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে খুলনাসহ দেশের পাঁচটি বিভাগ ও জেলায় নির্মিত শিশু হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালগুলো চালু হলে খুলনা অঞ্চলের শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগীয় শহর এবং কুমিল্লা জেলায় একটি করে মোট পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এত দিন হাসপাতালগুলো চালু করা সম্ভব হয়নি।
হাসপাতালগুলোর কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসক পদ রয়েছে ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগে ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তাদের পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে খুলনা শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁকে ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। একইভাবে রাজশাহী, বরিশাল, রংপুর ও কুমিল্লা শিশু হাসপাতালেও উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে থাকবে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ। বড় পরিসরের আইসিইউ ইউনিটসহ হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। এসব হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন। এরপরই হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।
দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা খুলনা শিশু হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে নবজাতক ও গুরুতর অসুস্থ শিশুদের নিবিড় পরিচর্যা, উন্নত পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার চাপ কমবে বলে আশা করা হচ্ছে।








