কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার চিরচেনা নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড় ও নানা লোকজ ঐতিহ্য। হারিয়ে যাচ্ছে একসময়ের জনপ্রিয় গ্রামীণ উৎসবও। তবে সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রেখেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মানুষ। ধলাই নদীকে কেন্দ্র করে শত বছরেরও বেশি সময় ধরে চলে আসছে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে শুরু হয় মাছ ধরার এ উৎসব। এতে উপজেলার রহিমপুর, ধর্মপুর, রামচন্দ্রপুর, সিদ্ধেশ্বরপুর, দেবীপুর, চৈত্রঘাট ও বড়চেগ গ্রামের সৌখিন মৎস্য শিকারিরা অংশ নেন। উৎসবকে ঘিরে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে।
পলো বাওয়া হলো বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি পলো নামের মাছ ধরার উপকরণ নিয়ে দলবদ্ধভাবে মাছ শিকারের ঐতিহ্যবাহী পদ্ধতি। শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু না হলেও ধলাই নদীসহ উপজেলার বিভিন্ন ছোট ছড়া, বিল ও জলাশয়ে কমতে থাকা পানিতে মাছ ধরার এ আয়োজন শুরু হয়েছে।
উৎসবে অংশ নেওয়া লোকজন পলো ছাড়াও উড়াল জাল ও অন্যান্য মাছ ধরার উপকরণ ব্যবহার করেন। নদীর স্বল্প পানিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একদল মাছ শিকারি জাল নিয়ে অপেক্ষা করেন। অপরদিক থেকে আরেক দল পলো চাপিয়ে সামনের দিকে এগিয়ে যান। এ সময় পুঁটি, টেংরা, শোল, রিটা ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার চেষ্টা করেন তাঁরা।
বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরাও মাছ ধরায় সহযোগিতা করে। মাথা ও কোমরে গামছা বেঁধে আনন্দ-উচ্ছ্বাসে মাছ ধরেন অংশগ্রহণকারীরা। নদীর পাড়ে দাঁড়িয়ে দর্শনার্থীরা হাততালি ও উল্লাসের মাধ্যমে তাঁদের উৎসাহ দেন। সব মিলিয়ে ধলাই নদীর পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
তবে এবার বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উৎসবে অংশ নেওয়া ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, বিষ দিয়ে মাছ নিধনের কারণে নদীতে মাছের প্রাপ্যতা কমছে। এতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসবেও অংশগ্রহণকারীর সংখ্যা কমে এসেছে। বিষ প্রয়োগ করে মাছ নিধনের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
ধর্মপুর গ্রাম থেকে উৎসবে অংশ নিতে আসা ইমাম হোসেন বলেন, “বছরের এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। তবে বিষ দিয়ে মাছ নিধন করায় এবার পলো বাওয়ায় মানুষের উপস্থিতি কম ছিল।”
তিনি আরও বলেন, প্রাচীন এ উৎসব টিকিয়ে রাখতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সর্বমহলকে এগিয়ে আসতে হবে।
সাংবাদিক আব্দুল বাছিত খান জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ পলো বাওয়া উৎসব শুধু মাছ ধরার আয়োজন নয়, এটি গ্রামীণ মানুষের মিলনমেলা। নদী-জলাশয় রক্ষা, বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা গেলে এ ঐতিহ্য আগামী প্রজন্মের কাছেও বাঁচিয়ে রাখা সম্ভব।








