ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি গুদামসহ নয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে বাজারের এক ব্যবসায়ীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ভেতরে পাট ও পেঁয়াজের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।








