কুসুম্বী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শতাধিক গাছের চারা রোপন। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় কুসুম্বী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুল ইসলাম রাব্বি, শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌহিদ রিফাত, হিমেলসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দোয়া মাহফিলের মাধ্যমে জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।








