সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুই কর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জাতুয়া-বোকারভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়েরের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহম্মেদ (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় উপজেলার জাতুয়া-বোকারভাঙ্গা এলাকায় সন্দেহজনক চলাফেরার কারণে রুবেল ও সুমনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।








