চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের জীবননগর পৌর শহরের মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে।ডিএনসি চুয়াডাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। দলটি মনোহরপুর-খয়েরহুদাগামী পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে থেকে আব্দুল কাদেরকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের দায়ে তার ব্যবহৃত লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ‘ইগনিটর’ মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিএনসি জানায়, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।এ বিষয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।







