৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা লাভ করেছেন এশিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবে নবনির্বাচিত সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন। সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার। এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত তাজমিনউর রহমান তুহিন আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের নিবাসী, মরহুম আলহাজ্ব আলী আহমেদ মৃধার ছেলে। তাঁর পিতা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তুহিন পেশাগতভাবে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি হযরত শাহ্জালাল মৎস্য অ্যান্ড ডেইরি ফার্ম এবং লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী। এছাড়া তিনি আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।
শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাজমিনউর রহমান তুহিন বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। এই স্বীকৃতি কাজের দায়িত্ব ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি এই অর্জনের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







