মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্ঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভায় অক্টোবর ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। মাদক, কিশোর গ্যাং, অপরাধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করতে হবে।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত সিদ্ধান্তসমূহ যথাসময়ে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি, জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা-সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি, জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জেলা কমিটি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।







