ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হাসান।
এ সময় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে কলেজটির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, সঠিক ইতিহাসচর্চায় উদ্বুদ্ধ করা এবং জাতীয় চেতনা বিকাশ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।








