৬৯-এর গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সম্মুখসারির বীর মুক্তিযোদ্ধা, মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান জননেতা মোহাম্মদ হোসেন বাবুল আর নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোহাম্মদ হোসেন বাবুল মুন্সীগঞ্জ শহরের জগধাত্রীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজের (বর্তমানে হরগঙ্গা সরকারি কলেজ) সাবেক ভিপি ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় মহকুমা কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের স্বাধীনতাসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে দীর্ঘদিন কারানির্যাতন ভোগ করেন এই জননেতা।








