নওগাঁর মান্দায় চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর খাদ্য গুদামে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে কৃষক ও মিলারদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।








