আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের পাশে সোনাপাতিল বিলের রাস্তায় শখের বশে বিকেলে বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন শিশু-কিশোরসহ আটজন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন সবাই বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে বজ্রপাতে মারা গেলেন ছয়জন। বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মারা যাওয়া ছয়জন হলেন জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), একই গ্রামের শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও ইবাদুল ইসলামের ছেলে ইমন ইসলাম (১৪)।
আহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ইউনিয়নের গজমতিকুণ্ডা গ্রামের আতাপ আলীর ছেলে রিপন আলী (৩২)।
খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহত দুজনকে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যারা মারা গেছে, আহত হয়েছে, কেউ পেশাদার মৎস্যজীবী নয়। সবাই শখের বশে মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যেই বজ্রপাতের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের ব্যবস্থা করছি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বজ্রপাতে মারা যাওয়া ছয়জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।








