ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট যৌথভাবে এই পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহা প্রমুখ।
এ সময় সংগঠন দুটির নেতৃবৃন্দসহ চলতি বছরে উপজেলায় অনুষ্ঠিত ৪৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন কেবল উৎসবের আনন্দকেই দ্বিগুণ করে না বরং সামাজিক সম্প্রীতি ও বিভিন্ন মণ্ডপ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে।








