‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব প্রশিক্ষণার্থীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া প্রমুখ।
এ সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও যুব প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সার্বিক উন্নয়নে তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও যুব নারীরা অংশগ্রহণ করেন। সভা শেষে চারজন উপকারভোগীর মাঝে চার লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।








