৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ তিন সমবায়ীকে (ব্যবসায়ী) সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সন্মাননা প্রাপ্তরা হলেন, এশিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি তাজমিনউর রহমান তুহিন, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদ ও আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির মুজাহিদ মৃধা।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীরা।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, এশিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন এবং গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদ প্রমুখ।
বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমবায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।







