ফরিদপুরের আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সেমিনারে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সুমহান আদর্শ এবং তাঁর অনন্য সৃষ্টিকর্মের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সঠিকভাবে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের মোট ৯০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।








