৫ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শকদের কথা চিন্তা করে মঙ্গলবার নতুন সিদ্ধান্ত নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এক টিকিটে দুটি ম্যাচ দেখা যাবে। একই সঙ্গে টিকিটের মূল্য চূড়ান্ত করেছে দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সর্বনিম্ন ১ হাজার এবং সর্বোচ্চ ১০ হাজার টাকায় পাওয়া যাবে সাফের টিকিট। আর টুর্নামেন্ট সফল করতে পুলিশ মাঠ, বুয়েট মাঠ, কিংস অ্যারেনাসহ বেশ কয়েকটি মাঠ অনুশীলনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। টুর্নামেন্ট সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফের যৌথ সমন্বয় সভায় মাঠের প্রস্তুতি, নিরাপত্তা এবং টিকিটের মূল্য চূড়ান্ত করা হয়েছে।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেল সংবাদ মাধ্যমকে বলেন, ‘দর্শকদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বৈঠকের মূল লক্ষ্য। মাঠের কন্ডিশন থেকে শুরু করে ইনার গেট, আউটার গেট ও ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। বাফুফের সঙ্গে আমাদের মূল আলোচনা হয়েছে মাঠের কন্ডিশন, ম্যাচ, টিকিট, নিরাপত্তা ব্যবস্থা এবং ইনার-আউটার ও ভিআইপি গেট নিয়ে। অতিথিরা কীভাবে প্রবেশ করবেন, দর্শকরা কীভাবে নির্বিঘ্নে স্টেডিয়ামে ঢুকে খেলা উপভোগ করবেন– এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দর্শকদের জন্য বিষয়গুলো কীভাবে যৌথভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, সেটিই ছিল মূল লক্ষ্য।’
বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এবারও অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা। সাধারণ গ্যালারির মূল্য ১ হাজার, ক্লাব হাউস ৪ হাজার, ভিআইপি ৭ হাজার, রেড বক্স ৮ হাজার (বিক্রি হয়ে গেছে) এবং করপোরেট বক্সের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। টিকিটের চড়া দাম নিয়ে দর্শকদের মনে কিছুটা অসন্তোষ থাকলেও বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, মূল্য নির্ধারণের বিষয়টি পুরোপুরি সাফের এখতিয়ারভুক্ত।








