নওগাঁর মান্দা উপজেলায় আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন প্রচার চালিয়ে মাইকিং করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রচারণায় ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে মো. আব্দুল জলিল সরকার (৫০)। শহিদুল কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আব্দুল জলিল সরকার মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচার চালানো হয়। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতির মানুষের প্রতি শুভেচ্ছা জানানো হয়। এরপর আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে দাবি করা হয়। একই সঙ্গে দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পরই জেলা পুলিশ ও মান্দা থানা পুলিশ অভিযান শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী কিংবা সমর্থকেরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।







