নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, ছিনতাইকারী ৯ জন, নিয়মিত মামলার আসামি ৬ জন, অন্যান্য মামলায় ৬ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ৬ জন, ফতুল্লা মডেল থানায় ৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ৮ জন, সোনারগাঁ থানায় ২৫ জন, রূপগঞ্জ থানায় ১২ জন এবং আড়াইহাজার থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা এলাকা থেকে ২ হাজার ৫০ পিস এবং সোনারগাঁ থানা এলাকা থেকে ৭২ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সোনারগাঁয়ে ১৫ জন মাদকসেবী ও তিনজন ছিনতাইকারী এবং রূপগঞ্জে ছয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য থানা এলাকায়ও মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।








