বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলার আসামি গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বগুড়া শহরের হাকিরমোড় এলাকার একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ফারুক আহমেদ গাবতলী উপজেলার উনচরকি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী ফারুক আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ দুটি মামলায় সাজাপ্রাপ্ত। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








