হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৮টি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অভিজ্ঞ বিচারকমন্ডলীর মূল্যায়নে চূড়ান্তভাবে বিজয়ী ৭৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন।
হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ ও সাধারণ সম্পাদক হাফেজ সফিউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মুন্সি বিল্লাল হুসাইন তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার প্রসার ও আলেম-ওলামাদের অবদানের কথা তুলে ধরেন।








