নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারজানুর রহমান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়ার চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব স্থাপনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেলে রান্না এবং একটি আবাসিক ভবনে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সেসব সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ অপসারণ করা হয়।
রিয়াজুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পূজা মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করে কোনো গ্যাস সংযোগ পাওয়া যায়নি।
তিনি বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ এবং গ্যাসের অপচয় রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।








