রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহম্ম্দপুর বাজার ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাণিসম্পদ অফিসে ফিরে আসে। র্যালিতে প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও রপ্তানি সম্ভাবনাকে তুলে ধরে প্রাণবন্ত স্লোগান দেওয়া হয়।
এরপর প্রাণিসম্পদ দপ্তরে বিভিন্ন পশুকে ভ্যাকসিনেশন (টিকা প্রদান) কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রাণিসম্পদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে সভায় প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
এছাড়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মহম্মদপুরের রাজবাড়ীতে অবস্থিত ৮২নং কালিপদ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে সবার মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।







