“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির উপযোগী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার খামারি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।







