মুন্সীগঞ্জে কৌশলে এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর দুপুরে মুন্সীগঞ্জ সদর থানাধীন রনছ হাওলাদারপাড়া এলাকায় বসবাসরত এক নারী কাপড় পরিবর্তনের সময় তাঁর অজান্তে কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করেন কয়েকজন ব্যক্তি। পরে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই ভিডিও পাঠিয়ে তাঁকে ভয়ভীতি দেখানো হয়। একই সঙ্গে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার হুমকি দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়।
ঘটনাটি জানার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই মো. ইয়াকুব হোসেন, এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তাঁদের কাছ থেকে ভুক্তভোগী নারীর ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।








