চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী এবং দুই শ্যালকের বিরুদ্ধে। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার নেপথ্যে যা জানা গেছে:
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে তাঁরা আলাদা বসবাস করলেও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খালেকের বিরোধ চলছিল।
যেভাবে হামলা চালানো হয়:
স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে আব্দুল খালেক জমির বন্ধক সংক্রান্ত টাকা দিতে মিনাজপুর গ্রামের ইন্দারাপাড়া মাঠে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং দুই শ্যালক ওসমান (৪০) ও ইসমাইল (৩৫) তাঁর ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তাঁকে বেধড়ক মারধর এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম অবস্থায় মাঠে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে এর আগেই রাত ৮টার দিকে তিনি মারা যান।
স্বজন ও চিকিৎসকের বক্তব্য:
নিহতের ছেলে জিনারুল অভিযোগ করে বলেন, “বিচ্ছেদের পর থেকেই আমার মা ও মামারা বাবাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। প্রায় দেড় মাস আগেও তাঁরা বাবাকে মারধর করে আহত করেছিলেন। আজ বিকেলে বাবাকে কুপিয়ে মাঠে ফেলে রাখার খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারলাম না।”জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, রাত ৮টার দিকে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম নিয়ে আব্দুল খালেককে হাসপাতালে আনা হয়।
তখনও তিনি জীবিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে যশোরে রেফার করার প্রস্তুতি চলছিল, কিন্তু এরই মধ্যে তাঁর মৃত্যু হয়।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত মামলা দায়ের হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও তাঁর দুই ভাই পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিহতের পরিবার এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।







