সব ফরম্যাটে ভারত নারী দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্মৃতি মান্ধানা। হারমানপ্রীত কৌর নেতৃত্ব ছাড়ার পর স্মৃতিকে এই দায়িত্ব দিয়েছে বিসিসিআই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্মৃতি মান্ধানার অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। দীর্ঘদিন ভারত নারী দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন হারমানপ্রীত। তার অধীনে ঘরের মাঠে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপও জিতেছে টিম ইন্ডিয়া। সর্বশেষে এশিয়ান গেমসে জিতেছে স্বর্ণ পদকও। অধিনায়কের দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্মৃতি মান্ধানা।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের ব্যাপার। ভারতকে প্রতিনিধিত্ব করা সব সময়ই আমার কাছে অনেক বড় বিষয়। এখন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া এমন কিছু, যা আমি আলাদাভাবে মূল্যায়ন করব।’ মান্ধানা আরও জানিয়েছেন, ‘হারমানপ্রীত এবং বছরের পর বছর অধিনায়ক হিসেবে দলের জন্য তার অবদানের কথাও আমি স্বীকার করতে চাই। সে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছে এবং আমাদের পথচলার গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই দায়িত্বের সঙ্গে যে বড় দায়িত্ববোধ জড়িয়ে আছে, তা আমি বুঝতে পারছি।
দলের সঙ্গে কাজ করতে, পথ চলতে চলতে শিখতে এবং ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চটা দিতে মুখিয়ে আছি।’ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতের নারী ক্রিকেটে স্মৃতি মান্ধানার অধ্যায়।








