চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ এক চিকিৎসকও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮০ জনসহ পাঁচ উপজেলার পাঁচ হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। গতকাল বুধবার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য জানিয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫১ জনসহ পাঁচ উপজেলার পাঁচ হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮০ জনসহ পাঁচ উপজেলার পাঁচ হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ২১৮৮ জন। এদিকে ডা. মাহবুব হাসান বলেন, গত রোববার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তিনি ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও হাসপাতালের অর্থো-সার্জারি (হাড়-জোড়) বিভাগের সহকারী সার্জন মো.
ফজর আলী লাল ডেঙ্গু আক্রান্ত হয়েছেন গত মঙ্গলবার। তিনিও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।








