
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি তাঁকেসহ আরও দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আদেশের অনুলিপি ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।







