বাম্পার ফলনের প্রত্যাশায় যখন আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা, ঠিক তখনই টানা দুই দিনের ভারী বৃষ্টি তাদের সেই আশায় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আধাপাকা ও পাকা আমন ধান। একই সঙ্গে জলাবদ্ধতার কবলে পড়েছে সদ্য রোপণ করা আগাম আলু, সরিষা, মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত। এতে সম্ভাব্য ফসলহানির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকদের।
রোববার (২২ নভেম্বর ২০২৬) উপজেলার ৪ নম্বর থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর ও মধুকুড়ি এবং ৫ নম্বর ভাটগ্রাম ইউনিয়নের নিমগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ কৃষিজমি বৃষ্টির পানিতে নিমজ্জিত। কোনো জমিতে আধাপাকা ধান, আবার কোথাও পাকা ধান পানির নিচে ডুবে রয়েছে। এমনকি কেটে জমিতে রাখা ধানের আঁটিও রেহাই পায়নি জলাবদ্ধতা থেকে। কোথাও কৃষকরা পানির মধ্য থেকে ধান উদ্ধারের চেষ্টা করছেন, আবার কেউ অবশিষ্ট ফসল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের প্রত্যাশা ছিল তাদের। ফসল উৎপাদনে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় করেছেন তারা। দীর্ঘদিনের পরিচর্যায় মাঠজুড়ে সোনালি ধান দেখে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন। কিন্তু ঘরে ফসল তোলার শেষ সময়ে এসে টানা বৃষ্টিতে তাদের সেই স্বস্তি এখন উদ্বেগে পরিণত হয়েছে।
স্থানীয় কৃষক মোশারফ জানান, কাটা ও পাকা ধান দীর্ঘ সময় পানির নিচে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি পচন ধরার আশঙ্কা রয়েছে। এতে উৎপাদিত ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে। সারা মৌসুমের পরিশ্রমের পর ফসল ঘরে তোলার মুহূর্তে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন, তা কখনো কল্পনা করেননি।
আরেক কৃষক বুলু বলেন, অনেক কষ্ট করে ধান আবাদ করেছেন। আশা ছিল ফসল ঘরে তুলে কৃষিঋণ ও অন্যান্য দেনা পরিশোধ করবেন। পাশাপাশি পরিবারের দৈনন্দিন খরচও মেটাবেন। কিন্তু বৃষ্টির পানিতে ফসল ডুবে যাওয়ায় এখন সব হিসাব-নিকাশ অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে আমন ধান কাটার পর অনেক কৃষক জমিতে আগাম আলু ও সরিষা চাষ শুরু করেছিলেন। কিন্তু অতিবৃষ্টির কারণে সদ্য রোপণ করা আলুর বীজ ও সরিষার চারাও পানির নিচে তলিয়ে গেছে। ফলে এসব ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি আবাদ কার্যক্রম পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। একই পরিস্থিতিতে রয়েছে মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন শীতকালীন সবজির ক্ষেত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে ধান, ৩ হাজার হেক্টরে আলু, ৪ হাজার হেক্টরে সরিষা, ২০৮ হেক্টরে মরিচ, ২০৩ হেক্টরে শাকসবজি এবং ৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর কৃষকদের আগাম সতর্ক করা হয়েছিল। পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে উপজেলার প্রায় ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে আলু ও সরিষার আবাদ কার্যক্রম কিছুটা বিলম্বিত হতে পারে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের মাঠে দেখা দেওয়া এই জলাবদ্ধতা এখন নন্দীগ্রামের কৃষকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বৃষ্টির পানি নেমে না গেলে আমন ধানের পাশাপাশি রবি মৌসুমের আগাম ফসল উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।








