নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদগাহ, কবরস্থান ও নতুন মসজিদের পাশে প্রস্তাবিত ময়লার ডাম্পিং নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কয়েক গ্রামের বাসিন্দারা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাইজদিয়া ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন ।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা, স্থানীয় মসজিদ, মাদরাসা, এতিমখানা ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্য এবং পরিবেশ আন্দোলনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ, কবরস্থান ও মসজিদ স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এসব স্থানের পাশে ময়লার ডাম্পিং নির্মাণ করা হলে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। এতে মুসল্লি, কবরস্থানে আসা মানুষ ও আশপাশের বাসিন্দারা দুর্ভোগে পড়বেন।
স্থানীয় মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রাহিম স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাহীর কাছে প্রস্তাবিত ডাম্পিং নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনা, বিকল্প স্থান নির্ধারণ এবং স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
রাইজদিয়া জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন বলেন, ধর্মীয় অনুভূতি, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, বিষয়টি আমি জেনেছি। ময়লা ফেলার ডাম্পিং খুবই জরুরি। ময়লা বাইরে থেকে আসছে না। তবু আরও ভালো কোনো বিকল্প থাকলে আমাকে জানালে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তা ছাড়া মাননীয় সংসদ সদস্য জায়গাটি দেখে সিদ্ধান্ত নিয়েছেন।








