যশোর সদর উপজেলার চুড়ামনাকাটিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের অভিযোগের মধ্যে মারা যাওয়া বিথী খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ১৪ নভেম্বর বাদ আসর জানাজা শেষে দোগাছিয়া গ্রামে বাবার বাড়িতে তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফনে তাঁর স্বামী কিংবা শ্বশুরবাড়ির পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। নিহত বিথী খাতুন চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। তাঁর স্বামী লিটন হোসেন পার্শ্ববর্তী গোবিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী লিটন হোসেনের সঙ্গে মোবাইল ফোনে বিথীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের পর প্রায় তিন মাস আগে পরিবারের সম্মতিতে মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। সম্প্রতি লিটন প্রবাস থেকে দেশে ফেরেন।
নিহতের পরিবারের অভিযোগ, দেশে ফেরার পর থেকে লিটন তাঁর বাবা-মা ও বোনের প্ররোচনায় বিথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত শুক্রবার ১৩ নভেম্বর বিকেলে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে বিথী আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের বাবা আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, ওরা আমার মেয়েকে হত্যা করেছে। তাদের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার দিনও লিটন আমার মেয়েকে মারধর করেছে।
এদিকে শনিবার বিকেলে বিথীর জানাজায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম ও বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তবে বিথীর মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিবারের পক্ষ থেকে তোলা নির্যাতন ও হত্যার অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।








