শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সফরকালে বিভাগীয় কমিশনার শহরের রামকৃষ্ণ মিশন ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। তিনি মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
মতবিনিময়কালে পূজামণ্ডপ ও আশপাশে নিরাপত্তা জোরদার, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।








