সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের রুকুন্তাজ উত্তরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে বসতঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ ৬ লাখ ২০ হাজার টাকাসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আলীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব উদ্দিন (রজব), পিতা মৃত তাজির উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল বলে জানা গেছে।
আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ অর্থ রক্ষা করা সম্ভব হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা প্রয়োজন।
কেউ ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
হঠাৎ এমন অগ্নিকাণ্ডে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।








