চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনের সড়কে টহল গাড়ি (পিকআপ ভ্যান) রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাওয়া শেষে বাইরে এসে দেখেন, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অজ্ঞাতনামা এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে গাড়িতে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে পালিয়ে যান।বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে পুলিশের সরকারি গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে পুলিশের ধাওয়ায় কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায় চোর। পরে সেখান থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিশহর থানার পুরোনো একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে দুপুরের খাবার খেতে তারা পুলিশ লাইনের সামনের সড়কের পাশে (পুনাক ক্যান্টিন সংলগ্ন) গাড়িটি পার্ক করে একটি হোটেলে ঢোকেন। সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এক ব্যক্তি গাড়িটি চুরি করে নিয়ে যান।ঘটনার পরপরই ওয়্যারলেসের মাধ্যমে নগরীর সব ইউনিট ও ট্রাফিক পুলিশকে সতর্ক করা হয় এবং সাঁড়াশি তল্লাশি শুরু হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, পুলিশ লাইনের সামনে থেকে পিকআপ ভ্যানটি নিয়ে যাওয়ার সময় নগরীর নতুন ব্রিজ এলাকায় দায়িত্বরত এক সার্জেন্টের নজরে আসে।
পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে চালক কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকায় সেটি ফেলে পাশের জঙ্গলে পালিয়ে যান। সেখান থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








