ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মস্থল বদলিজনিত কারণে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় কৃষিখাতে তার অবদান ও সেবা স্মরণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গোপালপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও ইকবাল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলী এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মেহেদী হাসান তার কর্মকালে আলফাডাঙ্গার কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং উৎপাদনে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে অনন্য অবদান রেখেছেন। তার এই বদলিতে স্থানীয় কৃষি পরিবার একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালেও নতুন কর্মস্থলে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত অতিথিরা।








