শিরোনাম

আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে এর দায় জামায়াতের : শামা ওবায়েদ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখেছে দেশের মানুষ। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থানের চেষ্টা দেখা যাচ্ছে।

বিদ্যুৎ খাতের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। ইউনূস সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে জানিয়ে তিনি দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির ভেতরে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে দলের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’ একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের আড়াল করা কিংবা তাদের অসম্মান করার চেষ্টাকারীদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

এর আগে নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ