আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে।
সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে ২৩ অক্টোবর থেকে আবার আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ওই দিন থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।








