নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোর পৌনে ৫টার দিকে নলডাঙ্গা থানাধীন ৪নং পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত মুয়াজ্জিনের নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে ফজরের আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন।
কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠান। সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে।







