আজকের সমাচারপত্র রিপোর্ট : নোয়াখালী সদরে প্রবাসী বন্ধুর আগমন উপলক্ষে আয়োজিত মাছের বারবিকিউ পার্টিতে নিজেদের মিশ্রিত ‘ঝাক্কাস’ মদপানে মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার রাতে কাদির হানিফ ইউনিয়নের মুসলিম কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সাকিব সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.
ইদ্রিসুর রহমান গতকাল রোববার দুপুরে এফএনএসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাদির হানিফ ইউনিয়নের মুসলিম কলোনিতে প্রবাসী বন্ধুর আগমন উপলক্ষে মাছের বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন মাদকদ্রব্য মিশ্রিত করে তা পান করে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন তরুণ। এরা হলেন, মোহাম্মদ সাকিব (২২), সাইফুল ইসলাম পাখি (২২), মোহাম্মদ টিপু (২৩), মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেল (২৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ সাকিবকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সংকটাপন্ন অবস্থায় সাইফুল ইসলাম পাখি (২২) ও মোহাম্মদ টিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মনির হোসেন শান্ত (২৩) ও মোহাম্মদ রাসেলকে (২৩) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত অ্যালকোহল ও মাদকের মিশ্রণ পানের পর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তরুণরা ভেজাল মদ পান করেছিলেন, যাতে ক্ষতিকারক দ্রব্যের পরিমাণ বেশি ছিল। পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, একাধিক মাদকদ্রব্যের বিষাক্ত মিশ্রণ করে ‘ঝাক্কাস’ নাম দিয়ে ওই মদপানের কারণেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।







