ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে—এমন তথ্যের পর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে প্রিভেন্টিভ টিম।
নজরদারির একপর্যায়ে আরমান উদ্দির সিদ্দিকী নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হলে তাকে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনা করে তল্লাশি করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়। প্রতিটির ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
এনবিআর জানায়, স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী ডিম্বাকৃতির পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি সোনা পাওয়া যেতে পারে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।








