ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ৮০ শতাংশের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পরিসংখ্যানে জানা গেছে। গতকাল সোমবার ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের বরাতে বার্তা সংস্থা আল জাজিরা এক খবর নিশ্চিত করেছে। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের (ইউনোস্যাট) সর্বাধুনিক উপগ্রহভিত্তিক মূল্যায়নের বরাতে পিসিবিএস জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৬ জুনের মধ্যে ইসরায়েলি আক্রমণে গাজা উপত্যকায় মোট ২ লাখ ১ হাজার ২৯০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এটি ওই এলাকার মোট ভবনের প্রায় ৮২ শতাংশ। ক্ষতিগ্রস্ত কাঠামোর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪২২টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৩ হাজার ৮৪৮টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি আরও জানায়, কেবল আবাসিক ইউনিটের ক্ষতির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ৬২৭টিতে। কেবল গাজাই নয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পিসিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেনিন শরণার্থী শিবিরের ৬৮০টি বা প্রায় ৫৩ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময়ে নূর শামস শিবিরের ৪৩৪টি (৫৫ শতাংশ) এবং তুলকার্ম শরণার্থী শিবিরের ৪০৭টি (৩৭ শতাংশ) অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা







