তুরস্কের আনতালিয়ায় যখন বিশ্বনেতারা জলবায়ু নিয়ে বড় বড় কথা বলছেন, ঠিক তখনই নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের বাঁচার দাবি জানালো খুলনার কয়রা।
দুর্যোগপূর্ণ, অবহেলিত, সুন্দরবন সংলগ্ন এই উপজেলায় গতকাল সকাল ১০টায় উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এই কর্মসূচির আয়োজন করে, সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে উপকূলের দরিদ্র মানুষের দায় সবচেয়ে কম, অথচ এর ভয়াবহ ক্ষতিটা তারাই সবচেয়ে বেশি বহন করছেন। প্রতিনিয়ত নদীভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা আর ফসলি জমি। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট দিন দিন বাড়ছে, জীবিকা হারিয়ে অনেক পরিবার বাধ্য হচ্ছে এলাকা ছাড়তে।
তাদের প্রশ্ন, আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু মোকাবিলায় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়, তার সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছায়? কপ-৩১ সম্মেলনে তাই শুধু প্রতিশ্রুতি নয়, সিদ্ধান্তে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে।
বক্তারা দাবি জানান, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে জলবায়ু অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। ক্ষতিপূরণের ন্যায্য হিস্যা পেতে হবে কয়রার মতো ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে।
ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। শতাধিক নারী-পুরুষ, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশ নেন।








