কুয়েটে দুই জ্যেষ্ঠ অধ্যাপককে বিদায় সংবর্ধনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও প্রফেসর মো. গোলাম কাদেরের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে দেওয়ার মধ্যেই নিহিত। অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান ও অধ্যাপক মো. গোলাম কাদের তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মময় জীবন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের সম্পর্ক ও অবদান অটুট থাকবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, বিদায়ী দুই অধ্যাপক তাঁদের মেধা, প্রজ্ঞা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে সমৃদ্ধ করেছেন। তাঁদের কর্মনিষ্ঠা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান বলেন, কুয়েটে দীর্ঘ শিক্ষকতা জীবন তাঁর কাছে গৌরব ও আনন্দের। সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে পাওয়া সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা তাঁর জীবনের অন্যতম মূল্যবান অর্জন। কুয়েটের স্মৃতি ও ভালোবাসা আজীবন হৃদয়ে অমলিন থাকবে।
অপর বিদায়ী অধ্যাপক মো. গোলাম কাদের বলেন, কুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত। কর্মজীবনে সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের ভালোবাসা তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, গণিত বিভাগের প্রফেসর ড. এম. এম. তওহিদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রফিক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম।
বক্তারা বিদায়ী দুই অধ্যাপকের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তাঁদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী দুই অধ্যাপকের হাতে উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।







